ফরিদপুরের আলফাডাঙ্গায় শিয়াল মারা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জুবায়ের তালুকদার (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই এলাকার মোর্শেদ তালুকদারের ছোট ছেলে।
নিহত শিশুর চাচা আলফাডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুরাদ হোসেন তালুকদার জানান, নওয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে মোর্শেদ তালুকদার প্রায় পাঁচ বছর যাবত বয়লার খামারে মুরগির ব্যবসা করছিলেন। মাঝে মাঝে রাতের আঁধারে ওই খামারে শিয়াল উৎপাত করে।
এ কারণে বুধবার সন্ধ্যায় মুরগির ফার্মের চারপাশে শিয়াল মারার জন্য বিদ্যুতের ফাঁদ স্থাপন করেন মোর্শেদ তালুকদার। রাত ৮টার দিকে জুবায়ের ঘর থেকে বের হয়ে বাবা মায়ের অজান্তে হাঁটতে হাঁটতে মুরগির খামারের শিয়াল মারার ফাঁদে জড়িয়ে যায়। জুবায়েরের বাবা-মা দু’জনই খামারের মধ্যে মুরগির খাবার দিচ্ছিলেন। মা ও বাবা মুরগির খামার থেকে বের হয়ে জুবায়েরকে ফাঁদে জড়ানো দেখে বিদ্যুৎ লাইন বন্ধ করার আগেই জুবায়েরের মৃত্যু হয়।
বার্তাবাজার/অমি