রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। তারা হলেন কমলাপুরে অজ্ঞাতনামা (৬০) এক ব্যক্তি ও মানিকনগরে রিকশাচালক শরিফ (৩২)। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার রায় বলেন, ‘নিহত অজ্ঞাতনামা ব্যক্তি কমলাপুর এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তিনি হাঁটতে পারেন না। হামাগুড়ি দিয়ে চলাফেরা করতেন’।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোন সময়ে ওই ব্যক্তি কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পার্কিং করা একটি লরির নিচে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চালক লোকটিকে না দেখেই লরি চালিয়ে গেলে চাকার নিচে পিষ্ট হয় ঘটনাস্থলে মারা যায় অজ্ঞাতনামা ব্যক্তি।

এসআই সুজন কুমার বলেন, বৃদ্ধের পরনে ছিল পুরোনো ট্রাউজার ও গেঞ্জি। তার নাম-পরিচয় কিছুই জানা যায়নি।

এ দিকে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন মিলন বলেন, রাত সাড়ে ৩টার দিকে মানিকনগর চেকপোস্টে একটি রিকশাকে ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চালক শরিফ নিহত হয় এবং দুমড়েমুচড়ে যায় রিকশা।

তিনি আরও জানান, শরিফের থাকতো উত্তর মুগদা ঝিলপার এলাকায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর