আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সব সময় চলছে ফেরি করে রমরমা গাঁজার ব্যবসা। শতাধিক নারী-পুরুষ এই ব্যবসার সাথে জড়িত। এদের মাঝে বেশিরভাগই তরুণ বয়সী।
মহানগর গোয়েন্দা পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, পুর্বের যেকোনো সময়ের তুলনায় গত কয়েক মাসে সবচেয়ে বেশি গাঁজার চালান আটক করা হয়েছে। সর্বশেষ গত এক সপ্তাহে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ৯৮ কেজি গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তবে এখনও গাঁজার বড় বাজার কাওরান বাজার এলাকা।
জানা যায়, গত বছর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে উচ্ছেদ করা হয় রাজধানীর অন্যতম মাদকের আখড়া হিসেবে পরিচিত কাওরান বাজার রেললাইন বস্তি। কিন্তু অভিযানের কয়েক মাস যেতে না যেতেই আবার শুরু হয় মাদক ব্যবসায়ীদের কারবার।
বর্তমানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে এই এলাকার ফুটপাতে গাঁজার পুরিয়া বিক্রির কাজ। কোনো লুকোচুরি ছাড়াই প্রকাশ্যে গাঁজার পসরা নিয়ে বসেন দোকানিরা। পাশাপাশি ওয়াসা ভবনসহ প্রধান বেশ কয়েকটা সড়কে কিছু কিশোরী ও তরুণী প্রকাশ্যেই করে ইয়াবার কারবার।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন উর রশিদ জানান, ‘বিষয়টি আমার নজরে ছিল না। আমি এখনই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছি।’
বার্তাবাজার/এসজে