ওসি প্রদীপের দায়ের করা মামলায় জামিন পেলেন ৩ ভাই

সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ হত্যাকান্ডের ঘটনায় বরখাস্ত হওয়া টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের দায়ের করা ৫টি মিথ্যা মামলা থেকে কিছুদিন আগে জামিন পেয়েছেন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান। এবার কথিত বন্দুকযুদ্ধে নিহত উখিয়ার কুতুপালংয়ের সাবেক মেম্বার বখতিয়ার আহমদের তিন ছেলে হেলাল উদ্দিন, বোরহান উদ্দিন ও কায়সার উদ্দিনও পেয়েছেন জামিন।

গতকাল (বুধবার) হাইকোর্টে শুনানি শেষে তারা আগাম জামিন পেয়েছেন। তাদেরকে জামিন দিয়েছে ৬ নং কোর্টের বিচারক শেখ হাসান আরিফ ও খন্দকার দিলারুজ্জামান।

জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবদুল মতিন খসরু ও অ্যাডভোকেট হেলাল উদ্দিন।

বাদীপক্ষের আইনজীবীরা জানান, বাসা থেকে তুলে নিয়ে গত ২৩ জুলাই দিবাগত রাতে কথিত বন্দুকযুদ্ধে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মেম্বার বখতিয়ার আহমদকে হত্যা করা হয়। এ ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়। এতে নিহত বখতিয়ার মেম্বারের তিন ছেলেকেও আসামি করা হয়েছিল। ওই সময় টেকনাফ থানার ওসি ছিলেন প্রদীপ কুমার দাশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর