টাঙ্গাইল সদর উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে নিজের মা’কে কুপিয়ে হত্যা করেছে রাসেল (২৮) নামের এক যুবক। পরে সে নিজেও বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করে। এসময় তার হাতে থাকা দায়ের আঘাতে আহত হন তার স্ত্রীও।
গতকাল (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলাধীন করটিয়া ইউনিয়নের কুমুল্লি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম সেলিনা বেগম (৫০)। তিনি একই এলাকার বছির উদ্দিনের স্ত্রী।
এ বিষয়ে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসআই মোশারফ হোসেন জানান, দুপুরে রাসেল অতিরিক্ত গরুর মাংস খান। এতে করে তিনি অসুস্থবোধ করলে তার মা সেলিনা বেগম ও স্ত্রী খোদেজা বেগম সুমিকে (২২) সঙ্গে নিয়ে টাঙ্গাইল শহরে ডাক্তার দেখাতে আসেন। বিকেলে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে যান তারা। বাড়িতে গিয়ে মা সেলিনা বেগম ছেলে রাসেলকে তার স্ত্রীর সাথে তুলোনা করে কটূক্তি করেন।
তিনি আরও বলেন, এক পর্যায়ে রাসেল ক্ষিপ্ত হয়ে মা সেলিনা বেগমকে দা দিয়ে কোপাতে থাকে। এ সময় তার স্ত্রী খোদেজা বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে। তারপর স্থানীয় লোকজন এগিয় এলে রাসেল ঘরে থাকা কীটনাশক পান করে। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সেলিনা বেগমকে মৃত ঘোষণা করেন।
তাসেলের ব্যাপারে তিনি বলেন, বর্তমানে রাসেল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রাসেলকে আটক করা হয়েছে এবং মামলা হলেই তাকে গ্রেফতার দেখানো হবে।
বার্তাবাজার/এসজে