করোনার পর মাঠে ফিরতে শুরু করেছে সব ধরনের খেলাধুলা। বসে থাকবে কেন হকি দল? তাইতো ১ অক্টোবর থেকে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির জন্য প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ হকি দল। আগামী বছর ২১ থেকে ৩০ জানুয়ারি ঢাকার মওলানা ভাসানী স্টেডিয়ামে বসবে জাতির পিতার নামের এই জুনিয়র এশিয়া কাপ হকি। ১০ জাতির এই টুর্নামেন্ট আগামী বছর অনুষ্ঠিতব্য যুব বিশ্বকাপেরও বাছাই পর্ব।
মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) বাংলাদেশ হকি ফেডারেশনের তিন সহসভাপতি আবদুর রশিদ শিকদার, সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফসহ নির্বাহী কমিটির ৯ কর্মকর্তরে মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
৩৬ জন নিয়ে এর আগে ক্যাম্প শুরু করেছিল ফেডারেশন, এবারের ক্যাম্পেও তাদেরই ডাকা হবে। বয়সের কারণে ৯ খেলোয়াড়ের খেলা নিয়ে যে অনিশ্চিয়তা ছিল সেটা থাকছে না। এশিয়ান হকি ফেডারেশন মৌখিকভাবে জানিয়ে দিয়েছে, ১৯৯৯ সালের ১ জানুয়ারি এবং এরপর যাদের জন্ম তারা এ টুর্নামেন্টে খেলতে পারবেন। যদিও বুধবার পর্যন্ত এশিয়ান হকি ফেডারেশন অফিসিয়ালি জানায়নি তাদের এ সিদ্ধান্তের কথা।
কেএস/বার্তাবাজার