নারায়ণগঞ্জ থেকে চোরাই মোবাইল চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার পুরানপট্টিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে শতাধিক চোরাই মোবাইল, মোবাইল সামগ্রী ও বিদেশি টর্চলাইট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- জামাল শেখ (৪৫), সজীব (২৬), শামীম (২২), আনোয়ার হোসেন (২৮) ও পিপলু (২৬)। বুধবার সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে হিরাঝিল পুরানপট্টিতে চোরাই মোবাইল চক্রের সদস্যরা মোবাইল কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল, ব্যাটারি ও টর্চলাইট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার পর বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
বার্তা বাজার / ডি.এস