সড়ক দুর্ঘটনায় বাবা নিহত, গুরুতর আহত ছেলে

ফরিদপুরের মধুখালীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিতা নিহত ও পুত্র গুরুতর আহত হয়েছে। বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি বারাশিয়া সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রনজিৎ কুমার দাস (৫০) ও আহত ছেলের নাম মৃত্যুঞ্জয় কুমার দাস (২৮)। তাদের বাড়ী উপজেলার বাগাট ইউনিয়নের দাসপাড়া।

করিমপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে সাতটায় মাগুরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লোকাল বাস (জ ১১-০১৩০) ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের আড়কান্দি বারাশিয়া সেতুর পশ্চিম পাশে একটি নসিমনকে পিছন থেকে ধাক্কা দিলে নসিমনটি দুমড়েমুচড়ে যায়।

এসময় নসিমনে থাকা রনজিৎ দাস ও মৃত্যুঞ্জয় কুমার দাস গুরুত্ব আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা সদর হাসপাতালে নিলে আহত রনজিৎ কুমার দাস (৫০) কে ডাক্তার মৃত ঘোষণা করেন। মৃত্যুঞ্জয় কুমার দাস আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. শাহজালাল আলম বলেন, ‘গাড়ীটি আটক করা হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছেন।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর