অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দীর্ঘ চার মাস কারাগারে থাকা ২৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন পুলিশ।
বুধবার বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বুড়িমারী স্থলবন্দর জিরোপয়েন্টে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়। এর আগে গত শনিবার (২৯ আগস্ট) তাদের মুক্তির আদেশ দেয় ভারতের আদালত।
ভারতের ধুবড়ি আদালতের আদেশে সোমবার (৩১ আগস্ট) তারা দেশের উদ্দেশ্যে রওনা দেয়ার কথা ছিল। তবে সব প্রক্রিয়া শেষ করে বুড়িমারী চ্যাংরাবান্ধা চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তারা দেশে প্রবেশ করেন।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ভারতে আটক ২৫ বাংলাদেশির বাড়ি কুড়িগ্রামের চিলমারীতে। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ ও ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন।
আটকদের পক্ষে আদালতে আইনি লড়াই করেছিলেন ভারতের হাইকোর্টের আইনজীবী অসীম দাসগুপ্ত এবং ধুবড়ি আদালতের আইনজীবী রাজস্বী দাসগুপ্ত।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই কুড়িগ্রামের চিলমারী উপজলোর রমনা ব্যাপারীপাড়া এলাকার বেশ কয়েকজন বৈধ উপায়ে ভারতে যান। এর মধ্যে লকডাউনে দেশটিতে আটকা পড়েন ২৬ বাংলাদেশি। ভারতে দ্বিতীয় দফা লকডাউনের আগে চ্যাংরাবান্ধা চেকপোস্ট খুলে দেয়ার কথা শুনে তারা রওনা দেন দেশের ফেরার জন্য। কিন্তু ৩ মে আসামের ধুবড়ি জেলার চাপোবৎ থানা পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। এর মধ্যে গত ১ জুলাই কারা হেফাজতে বকুল মিয়া নামে একজন মারা গেলে কয়েক দিন পর তার মরদেহ দেশে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বার্তা বাজার / ডি.এস