ইউপি সদস্যের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে এক ইউপি সদস্যের নেতৃত্বে হামলা চালিয়ে স্থানীয় কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহানকে (২০) কুপিয়ে মারাত্বক জখম করা হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে চরপার্বতী ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মারাত্মক আহত হাজারীহাট হাইস্কুল এন্ড বিএম কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহানকে (২০) রক্তাক্ত জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করানো হয়।

অন্য আহতরা হলেন, চরপার্বতী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন (১৯), ছাত্রলীগ নেতা ওহিদুর রহমান (২০), শাহীন (১৯), হাজারীহাট বিএম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান (১৯) ও হাজারীহাট হাইস্কুল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল (১৭)। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তুচ্ছ ঘটনার জের ধরে হাজারীহাট বিএম কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীনের সাথে স্থানীয় মামুনের কথাকাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় ওই এলাকায় ঘুরতে গেলে ছাত্রলীগ নেতা শাহীনসহ ছাত্রলীগের আবদুল, ছোট শাহীন, রিফাত, ইমরানকে ওই মামুনের নেতৃত্বে সন্ত্রাসীরা আটক করে বেদম মারধর করে।

খবর পেয়ে হাজারীহাট বিএম কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহান ওই এলাকায় গেলে চরপার্বতী ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল্লাহ, যুবলীগ নেতা বাবুর নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে বলে আহতরা অভিযোগ করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাটির ক্ষেত্রে থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম সোহানের মা।আমরা খুব দ্রুত আইনগত ব্যাবস্থা নেবো।

এদিকে এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর