ভারতে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। ধারাবাহিকভাবে আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে। দেশটিতে গত বছর দিনে গড়ে ৩৮১ জন আত্মহত্যার করেছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) তথ্যে এমন চিত্র উঠে এসেছে বলে জানিয়েছে এই সময়।
এনসিআরবির তথ্য মতে, ২০১৯ সালে ভারতে নথিভুক্ত আত্মহত্যার সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৩ জন। প্রতিদিন গড়ে ৩৮১ জন আত্মহননের পথ বেছে নিয়েছেন। আগের বছরের সঙ্গে তুলনায় ভারতে আত্মহত্যার সংখ্যা বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে আত্মহত্যার প্রবণতা ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
গত ২০১৮ সালে ভারতে নথিভুক্ত আত্মহত্যার ঘটনা ১ লাখ ৩৪ হাজার ৫১৬টি। আর ২০১৭ সালে আত্মহত্যার ঘটনা ঘটেছিল ১ লাখ ২৯ হাজার ৮৮৭টি। ধারাবাহিকভাবে আত্মহত্যার ঘটনা বাড়ছেই। প্রতি ১ লাখ জনসংখ্যার নিরিখে ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে ভারতে আত্মহত্যার হার বেড়েছে ০.২ শতাংশ।
এনসিআরবির পরিসংখ্যান মতে, ২০১৯ সালে ভারতে আত্মহত্যার হার ছিল ১০ দশমিক ৫ শতাংশ। তবে শহরগুলোতে এই হার ১৩ দশমিক ৯ শতাংশ। সে হিসাবে শহরের মানুষের মধ্যেই আত্মহত্যার প্রবণতা বেশি।
গলায় ফাঁস দিয়ে মোট আত্মহত্যার করেছে ৫৩ দশমিক ৬ শতাংশ। বিষপানে মৃত্যু ২৫ দশমিক ৮ শতাংশের। পানিতে ঝাঁপ দিয়ে মৃত্যু ৫ দশমিক ২ শতাংশের। গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছে ৩ দশমিক ৮ শতাংশের।
মোট আত্মহত্যার ৩২ দশমিক ৪ শতাংশ পারিবারিক সমস্যার কারণে (দাম্পত্য অশান্তি ছাড়া)। বৈবাহিক সমস্যার কারণে আত্মঘাতী ৫ দশমিক ৫ শতাংশ। অসুস্থতার কারণে আত্মহত্যার করেছেন ১৭ দশমিক ১ শতাংশ। সব মিলিয়ে মোট আত্মহত্যার ৫৫ শতাংশই উল্লিখিত এই তিন কারণে।
বার্তাবাজার/অমি