বিস্কুট খাওয়ায় শিশু শ্রমিককে লোহার রড দিয়ে পিটুনি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি বেকারিতে কাজ করত জুনাইদ (১২) নামে এক শিশু শ্রমিক। সেই বেকারি থেকে বিস্কুট খাওয়ার অপরাধে ওই শিশু শ্রমিককে লোহার রড দিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বেকারিটি সিলগালা করে দিয়েছে।

আজ মঙ্গলবার সকালে শিশু শ্রমিককে নির্যাতনের বিষয়টি স্থানীয়দের জানায়। শিশুর শ্রমিকের বাড়ি কুমিল্লা শহরে।

নির্যাতনের শিকার শিশু জুনাইদ জানান, বেশ কিছুদিন ধরে আমি এই বেকারিতে কাজ করি। গত ৩ দিন আগে আমি একটি বিস্কুট এবং একটি ডিম খেয়ে ফেলি। এই কারণে বেকারির মিস্ত্রি সাবু এবং মালিক বায়জিদ আমাকে লোহার রড দিয়ে আমার শরীরের বিভিন্ন যায়গায় আঘাত করে। গত ৩ মাসে ধরে আমার ওপর এ নির্যাতন চালিয়ে আসছে। প্রতিবাদ করলে আমাকে বেকারির চুলায় ফেলে দিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেয়।

এদিকে, অভিযুক্ত ইসলামিয়া বেকারির মালিক বায়েজিদ আহাম্মদ নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন, ওই শিশুটিকে আমি মারিনি। বেকারির মিস্ত্রি সাবু মেরেছে। সে পালিয়ে গেছে, আমি পরে বিষয়টি শুনেছি।

এই বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-ই আলম জানান, শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে পরবর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত ওই বেকারি বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বানানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর