মিল থেকে ফেরার পথে বিধবা নারীকে গণধর্ষণ, আটক ৩

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ী গ্রামের এক বিধবা নারী (২৬) গণধর্ষনের শিকার হয়েছেন। সোমবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ধর্ষিত ওই নারী পাশের বোয়ালমারী উপজেলাধীন ডোবরা পারটেক্স জুট মিলে শ্রমিকের কাজ করতেন।

আটককৃতরা হলেন, উপজেলার যোগীবরাট গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আরিফুর রহমান (২৭), একই গ্রামের রতন শেখের ছেলে গিয়াস শেখ (২৮) এবং কুদ্দুস শেখের ছেলে ইস্রাফিল শেখ (২৫)।

জানা গেছে, রাতের শিফটে কাজ শেষ করে ওই নারী মিলের ট্রলি গাড়ীতে করে বাড়ী ফিরছিলেন। ওই এলাকার সহকর্মীরা যার যার গন্তব্যে নেমে যাওয়ার পর রাত ১১টার দিকে ওই নারীকে গাড়ীর চালকসহ চারজন মিলে আলফাডাঙ্গার টাবনী এলাকার ঘোষ বাড়ির উত্তরদিকের ফাঁকা মাঠে নিয়ে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। পরে তাকে ধুলজুড়ি এলাকায় তাদের বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। ঘটনাটি ওই নারী বাড়ী ফিরে স্বজনদের জানালে বিষয়টি সকালে পুলিশে অবহিত করা হয়।

এবিষয়ে সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। এছাড়া অপর ধর্ষক একই গ্রামের মৃত মোন্তাজ শেখের ছেলে আব্দুল্লাহকে খুঁজছে পুলিশ। তিনি জানান, এঘটনায় আলফাডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। তিনি আরো জানান, ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/কেএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর