শেষ শ্রদ্ধা জানানো হয়েছে সি আর দত্তকে

স্বাধীনতা যুদ্ধের ৪ নং সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্তকে (চিত্তরঞ্জন দত্ত) শেষ শ্রদ্ধা জানিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে তার মরদেহ আনা হলে এই শ্রদ্ধা জানানো হয়।

সকাল ৮.১০ মিনিটে সেনাবাহিনীর একটী চৌকস দল তার সন্মানার্থে গান স্যালুট দেয়। পরে তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হয়।

একে একে সি আর দত্তের মরদেহে শ্রদ্ধা নিবেদন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশ হিন্দু পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ শাখা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ হিন্দু মহাজোট, লালবাগ পূজা থানা কমিটি।

এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে মঙ্গলবার সকাল ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ মহাশ্মশানে। সেখানে শেষকৃত্যানুষ্ঠান হবে।

এর আগে ২৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সি আর দত্ত শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন। এছাড়া ঢাকার কাঁটাবন থেকে কারওয়ানবাজার সিগন্যাল পর্যন্ত সড়কটি ‘বীরউত্তম সি আর দত্ত’ সড়ক নামে নামকরণ করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর