আজ থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন

অবশেষে আজ থেকে বন্ধ হচ্ছে গণপরিবহনে বাড়তি ভাড়া। আজ মঙ্গলবার থেকে থাকছে না গণপরিবহনে বাড়তি ভাড়া।

করোনার সংক্রমণ পরিস্থিতির মধ্যে ঝুঁকি এড়াতে ৬০ শতাংশ বাড়তি ভাড়া যোগ করে দুই সিটে একজন যাত্রীকে নেয়ার অনুমতি দিয়ে গণপরিবহন চালুর অনুমতি দেয় সরকার। সে মোতাবেক ১ জুন থেকে বাড়তি ৬০ শতাংশ ভাড়া আদায় করে আসছিল গণপরিবহনগুলো।

কিন্তু কিছুদিন ধরে বাস মালিকদের বিরুদ্ধে পরিপূর্ণ যাতী নিয়েও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ওঠে। এ রকম পরিপ্রেক্ষিতে বাড়তি ভাড়া প্রত্যাহার করে স্বাভাবিক নিয়মে প্রতি সিটে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেয় সরকার।

গত ২৯ আগস্ট সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে সরকার আগামী ১ সেপ্টেম্বর থেকে গণপরিবহনে আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার, চালকের সহকারী, টিকিট বিক্রয়কারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে’।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি অথবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। অর্থাৎ যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর হবে। দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর