মেঘনার শাখা নদীতে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

বরিশালের হিজলা উপজেলার বাবুরচর সংলগ্ন মেঘনার শাখা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় রাজিয়া আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া দুই স্পিডবোটের চালক আহত হয়েছেন বলে জানা যায়।

সোমবার (৩১ আগস্ট) রাত ৮টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাজিয়া আক্তার উপজেলার মেমানিয়া ইউনিয়নের ভারইয়া এলাকার মো. বেলাল হোসেনের মেয়ে। ঘটনায় আহত স্পিডবোট চালক মো. টিপু ও মো. ইউসুফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার বলেন, শিশু রাজিয়া তার মামা মো. আব্দুল্লাহর সঙ্গে স্পিডবোটে করে পুরাতন হিজলা এলাকা থেকে একতা খেয়া ঘটের দিকে যাচ্ছিল।

স্পিডবোটে অনেকজন যাত্রী ছিল। রাত ৮টার দিকে বাবুরচর সংলগ্ন মেঘনার শাখা নদীতে দুই দিক থেকে আসা দুটো স্পিডবোট মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান শিশু রাজিয়া। এ ঘটনায় আহত দুই স্পিডবোট চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর