মানিকগঞ্জের সিংগাইরে ইতিরানী রংদার (৩৭) নামের এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (৩১ আগস্ট) ভোর রাতে উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইতিরানী রংদার (৩৭) বায়রা সানাইল গ্রামের সুনীল রংদারের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
স্থানীয়রা ও নিহতের জামাতা বিপ্লব দাস জানান, ইতিরানী রংদার রবিবার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় পরিবারের সকলের সাথে খাওয়ার শেষে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে। সে ডায়াবেটিস রোগী হওয়ায় প্রতিদিন ভোরে হাটাহাটি করেন। আজ সোমবার ভোর ৬ টায় প্রতিবেশী নারায়ন সরকার চকে মাছ মারার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় রাস্তা সংলগ্ন জোতিন্দ্র সরকারের বাড়ির সামনে রক্তাক্ত লাশ দেখে আমার শ্বশুড়কে ডেকে লাশের খবর জানান।
পরে এলাকাবাসী সিংগাইর থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সকাল ৯ টায় ঘটনাস্থল থেকে নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বড় ভাই স্বপন সরকার বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, হত্যার রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ও তিন মেয়েকে থানায় আনা হয়েছে।
এ ঘটনায় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সহকারি পুলিশ সুপার হাফিজুর রহমান, সিংগাইর সার্কেলের এএসপি আলমগীর হোসেন ও সিংগাইর থানার ওসি রকিবুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বার্তা বাজার / ডি.এস