কুড়িগ্রাম সদর উপজেলার আরকে রোড ঘেঁষা দাশেরহাট আরডিআরএস বাজার জামে মসজিদে তালা লাগানোর ঘটনাকে ঘিরে সাধারন মুসল্লিদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। এলাকাবাসী জানায়- গত প্রায় ১৫ দিন আগে ওই মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বকসী মারা যান।
গতকাল আশুরার দিন বাদ এশা মিলাদ মাহফিল শেষে উপস্থিত মুসল্লিগন আলহাজ্ব বেলাল হোসেনকে সভাপতি এবং মমিনুর ইসলামকে সেক্রেটারী করে একটি খসড়া কমিটি উপস্থাপন করে। এ ঘটনায় উত্তেজিত হয়ে আশুরার দিন রাতেই বিগত কমিটির সাবেক সেক্রটারী মোঃ খবির উদ্দিন মন্ডল মসজিদের মাইকের তার ও অন্যান্য সরঞ্জাম খুলে নিয়ে মসজিদটির মূল ভবনের দু’টি দরজায় তালা লাগিয়ে দেন। আর একটি দরজায় ভিতর থেকে হ্যাসবল দ্বারা বন্ধ করেন। আজ ৩১ আগষ্ট মুসল্লিগন ওই মসজিদের ভিতরে ফজর এবং জোহরের নামাজ আদায় করতে পারেনি।
সরেজমিনে গিয়ে এ ঘটনার সত্যতা পাবার পর বিষয়টি সম্পর্কে গোয়েন্দা পুলিশকে জানানো হয়। এব্যাপারে মসজিদের সাবেক সেক্রেটারী মোঃ খবির উদ্দিন মন্ডলের সাথে আলাপকালে তিনি মসজিদে তালা লাগানোর বিষয়টি অকপটে স্বীকার করে বলেন- যেহেতু কমিটি গঠন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে, সেহেতু আমি মোয়াজ্জিনকে মসজিদে তালা লাগানোর নির্দেশ দিয়েছি।
কেএস/বার্তাবাজার