মেসি না আসায় কান্নায় ভেঙে পড়লেন ভক্তরা

এক বুক আশা নিয়ে বার্সাভক্তরা ন্যু ক্যাম্পের সামনে এসেছিলেন। যদি একটিবার মেসির গাড়িটা দেখা যায়! যদি দূর থেকে প্রিয় তারকাকে একটিবার দেখার স্বাদ পূরণ হয়!
কিন্তু না, মেসি আসেননি। মেসি আসেননি বলে হতাশায় মুষড়ে পড়েছেন তার ভক্ত-সমর্থকরা। মেসির ১০ নাম্বার জার্সিটা পরে তারা অপেক্ষা করছিলেন ন্যু ক্যাম্পের প্রবেশমুখে। কিন্তু সেই জার্সি পরা অবস্থায়ই কেউ কেউ কান্নায় ভেঙে পড়েন। যেন কোনো অতি আপনজনকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছেন তারা।

স্প্যানিশ মিডিয়া দৈনিক মার্কা তাদের প্রতিবেদনে বলছে, বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডের সামনের রাস্তায় ফুটপাতে হতাশায় মুষড়ে পড়া দুই ক্ষুদে ভক্ত বসে রয়েছেন মাথা নিচু করে। তারা যেন বিশ্বাসই করতে পারছেন না, ‘আজ বার্সার পিসিআর টেস্টে মেসি নেই এবং তার আসার সম্ভাবনাও কম।’

মেসির ক্ষুদে ভক্ত-সমর্থকরা স্যান্ট হোয়ান ডেসপি কমপ্লেক্সের সামনে বসে অপেক্ষার প্রহর গুনছিলেন। তারা একে একে দেখলো লুইস সুয়ারেজ, ইভান রাকিটিক, সার্জিও বুস্কেটস এবং জর্দি আলবারা আসছেন পিসিআর টেস্ট করাতে, কিন্তু তাদের সপ্নের তারকা মেসি আসলেন না। দূর থেকে একটি গাড়ি এগিয়ে আসতে দেখলেই তারা উদগ্রীব হয়ে উঠতেন, এই বুঝি মেসি এলো। কিন্তু না, দেখা গেল আরেকজন। হতাশায় তখন ভেঙে পড়তেন তারা। মেসির এক ভক্তকে তো দেখা গেল বার্সার ট্রেনিং গ্রাউন্ডের প্রবেশপথের গেট ধরে কান্নায় ভেঙে পড়ছেন। রীতিমতো বিলাপ করে মেসির জন্য কান্না করছিলেন তিনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর