বাংলাদেশের যদি সক্ষমতা থাকে তাহলে রাশিয়া তাদের আবিষ্কৃত করোনা ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশের কয়েকটি কোম্পানির সেই (ভ্যাকসিন উৎপাদন) সক্ষমতা আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অক্সফোর্ডের গবেষকদের ভ্যাকসিন বাংলাদেশে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চুক্তি হয়েছে। সরকারিভাবেও আনার চেষ্টা করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের বিষয়ে দক্ষিণ কোরিয়ার সাথেও সরকারিভাবে আলোচনা হয়েছে। অ্যান্টিজেন পরীক্ষার জন্য তারা আট লাখ ডলার মূল্যের কিট বাংলাদেশে দেবে। আর এটা অল্প দিনের মধ্যে আমাদের হাতে চলে আসবে। এছাড়া করোনা সংক্রমণ পরীক্ষার জন্য বেশ কয়েকটি পিসিআর মেশিনও দেয়ার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
বার্তাবাজার/কে.জে.পি