ওসি প্রদীপ চতুর্থ দফায় ফের ১ দিনের রিমান্ডে

কক্সবাজারের টেকনাফে মেজর (অবঃ) সিনহা মা. রাশেদ হত্যা মামলায় পুলিশের বরখাস্তকৃত ওসি প্রদীপকে চতুর্থ দফায় আরো একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব-১৫’র আবেদনের ভিত্তিতে আজ কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এ আদেশ দেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর প্রদীপ কুমার দাস।

তিনি জানান, দুপুর ১ টা ৫৫ মিনিটে প্রদীকে তৃতীয় দফা রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী সংস্থা র‌্যাব অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রদীপকে আরেক দফা রিমান্ড আবেদন করেন। আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকে (২৮ আগষ্ট) তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নেয় র‍্যাব। তৎমধ্যে রিমান্ড শেষে গতকাল রোববার আদালতের কাছে জবানবন্দি দেন এসআই লিয়াকত। আজ ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন এসআই নন্দ দুলাল রক্ষিত। আদালতের পরবর্তী কার্যক্রম শেষে বিকেলে প্রদীপকে র‍্যাব হেফাজতে নেয়া হবে জানিয়েছে র‍্যাব সূত্র।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর