কক্সবাজারের টেকনাফে দাবীকৃত ৫০ লাখ টাকা না দেয়ায় দুই সহোদর ও এক ভাগিনাসহ তিনজনকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে নালিশি আবেদন করা হয়েছে আদালতে।
এতে আসামী হিসেবে অভিযুক্ত করা হয়েছে ৩৫ জন পুলিশের সদস্য ও বাকী ৬ জন মাদক কারবারী, সন্ত্রাসী এবং পুলিশের দালাল।
আজ কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-৩ এ টেকনাফ উপজেলা রঙ্গীখালী গাজী পাড়ার মৃত ছৈয়দ আলমের স্ত্রী সুলতানা রাজিয়া মুন্নি (২২) বাদী হয়ে নালিশি আবেদনটি দায়ের করেন।
আবেদনের প্রেক্ষিতেএ সংক্রান্ত আর কোন মামলা আছে কিনা তদন্ত করে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছেন বিচারক মো. হেলাল উদ্দীন। বাদি পক্ষের আইনজীবি এডভোকেট দিদারুল মোস্তফা সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
বাদি এজাহারে উল্লেখ করেন, গত ৬ মে রাত ২টার দিকে রঙ্গীখালী গাজী পাড়ার সৈয়দ আলম ও তার ভাই নূরুল আলম এবং তাদের ভাগিনা আনসার সদস্য সৈয়দ হোসন প্রকাশ আবদুল মোনাফকে ওসি প্রদীপের নেতৃত্বে একদল পুলিশ তুলে নিয়ে যায়। পরে পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করেন ওসি প্রদীপ। টাকা দিতে অস্বীকৃতি জানালে একইদিন দিন ভোরে বন্দুকযুদ্ধের নামে তিনজনেকই পার্শ্ববর্তী ধানক্ষেতে হত্যা করা হয়।
বার্তাবাজার/অমি