দেশে যেকোনো নির্বাচন এলেই বিএনপি তার স্বরে চিৎকার শুরু করে। তারা নির্বাচনে হারার আগেই হেরে যায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৩১ আগস্ট) মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধনকালে তিনি সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কথা বলেন।
‘সরকারের নাকি জনসমর্থন নেই’- বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন আছে কি নেই তার মানদণ্ড কী? তিনি অভিন্ন মাপকাঠিতে কি জনসমর্থন মেপে দেখেছেন? নির্বাচন যদি মানদণ্ড হয় সেক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।
ওবায়দুল কাদের আরও বলেন, যারা আন্দোলনে পরাজিত হয়, পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটিতেই পরাজিত, তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণ যাদের বারবার প্রত্যাখ্যান করে তাদের মুখে এমন কথা শোভ পায় না।
বার্তাবাজার/অমি