অটো রাইস মিলের বর্জ্য নদীতে, দূষিত হচ্ছে পরিবেশ ও নদীর পানি

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের মাঝকান্দি-ভাটিয়াপাড়া মহাসড়কের পাশে সোতাশী গ্রামে তিন বছর ধরে বৃহৎ বিকাশ এগ্রো ফুড অটোরাইস মিলের বিষাক্ত বর্জ্য পাইপ যোগে পার্শ্ববর্তী চন্দনা-বারাশিয়া নদীতে ফেলা হচ্ছে। এতে এলাকার পরিবেশ ও নদীর পানি দূষিত হয়ে পড়ায় নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। ফলে এলাকাবাসী মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে জানা গেছে।

ভুক্তভোগী এলাকাবাসীরা জানান, চাউল কল থেকে প্রায় ৩শ’ গজ দূরে চন্দনা বারাশিয়া নদীর অবস্থান। মাটির নিচ দিয়ে দীর্ঘ লম্বা ও অনেক মোটা পাইপ টেনে এনে নদীতে সংযোগ দেয়া হয়েছে। মিলের ধান ধোয়া পানি ও মল-মূত্রসহ অন্যান্য বর্জ্য নদীতে এসে পড়ছে এই পাইপ দিয়ে। এমন ভাবে পাইপ স্থাপন করা হয়েছে যে, দুর্গন্ধ যুক্ত নোংরা পানি মাটি গড়িয়ে নদীর পানিতে মিশছে। নদীতে ফেলার কারনে নদীর দুই পাড়ের বসবাসকারীরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এবং মশার উপদ্রব বাড়ছে।

আরও ভূক্তভোগী বেগম (৬৫), প্রীতি ভদ্র (৩৭), ইমরান বিশ্বাস (২০), জাহানারা বেগম (৪৫) জানায়, মিল থেকে নদীতে পাইপ দিয়ে বর্জ্য ফেলায় দূর্গন্ধ ছড়িয়ে পড়ায় আমাদের বসবাস করতে কষ্ট হচ্ছে। বর্জ্যের গন্ধে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এছাড়া ওই নোংরা পানি ব্যবহার করে আমরা নানা রোগে আক্রান্ত হচ্ছি। অপরদিকে পচা দূর্গন্ধ পানি থেকে মশা বৃদ্ধি হওয়ার কারনে আমরা বিপাকে পড়েছি। দিন রাত চব্বিশ ঘন্টা ঘরে মশার কয়েল জ্বালিয়ে রাখি। সমস্যগুলোর কথা মিল মালিক বিকাশ সাহাকে জানালেও তিনি কোন কর্ণপাত করেন না।

এ বিষয়ে মিলের মালিক বিকাশ সাহা বলেন, আমার মিল থেকে চন্দনা বারাশিয়া নদীতে যে পানি যাচ্ছে তাতে কোন দূর্গন্ধ নেই এবং কারো কোন ক্ষতি হচ্ছে বলে আমার জানা নেই। তবে মিলের কিছু ছাই পানির সাথে নদীতে যেতে পারে, তাতে কোন ক্ষতি হওয়ার কথা না। আমি খোঁজ খবর নিয়ে দেখবো। মিল থেকে নদীতে বর্জ্য ফেলার সরকারি কোন অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনুমতি আছে কিনা আমার জানা নেই, জেনে বলতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ‘আমি এই উপজেলায় যোগদানের পর এই সমস্যাগুলো আমাকে কেউ জানায়নি। যেহেতু জানতে পারলাম আমি ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নিবো।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর