ঢাকায় সি আর দত্তের মরদেহ

বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন (সি আর) দত্ত বীর উত্তমের মরদেহ দেশে পৌঁছেছে। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে এমিরেটস্ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর থেকে জেনারেল দত্তের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমাগারে রাখা হবে।

পরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তার বনানী ডিওএইচএসের ২নং সড়কের ৪৯নং বাড়ি হয়ে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনার্থে ঢাকেশ্বরী মন্দির চত্বরে নিয়ে যাওয়া হবে এই সেক্টর কমান্ডারের মরদেহ। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে।

ঢাকেশ্বরী মন্দির চত্বর থেকে বেলা ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে রাজারবাগ শ্মশানে। সেখানে শেষকৃত্যানুষ্ঠানের আগে জেনারেল দত্তের মরদেহের প্রতি সামরিক সম্মাননা জ্ঞাপনের জন্য গানস্যালুট প্রদান করা হবে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে এবং হবিগঞ্জে তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর