মোবাইল ও বাইক কেনার স্বপ্ন পূরণ করতে নিজের তিন মাস বয়সী মেয়েকে বিক্রি করে দিয়েছেন পাষণ্ড এক বাবা। প্রতিবেশীরা পুলিশে অভিযোগ দিলে শিশুটিকে উদ্ধার করা হয়। ভারতের কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলার তিনাকাল গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই শিশুর মাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত নারীর বরাতে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন কৃষক। তিন মাস আগে তাঁর স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। কয়েকদিন আগে নতুন বাইক ও মোবাইল কেনার জন্য ওই কৃষক নিজের কন্যা শিশুকে ১ লাখ রুপির বিনিময়ে অন্য এক দম্পতির কাছে বিক্রি করে দিয়েছেন। পরে মেয়েটিকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা প্রশাসনকে খবর দিলে অভিযুক্ত বাড়ি থেকে পালায়।
পরবর্তীতে বিক্রির অর্থ থেকে ১৫ হাজার রুপি দিয়ে একটি মোবাইল ফোন আর ৫০ হাজার রুপি দিয়ে একটি বাইক কেনেন শিশুর বাবা। ওই দম্পতির হঠাৎ দামী জিনিস কেনা দেখে সন্দেহ হয় এক প্রতিবেশীর। ৩ মাসের শিশুকন্যাটিকেও কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলেন না ওই প্রতিবেশী। পরিস্থিতির আঁচ করতে পেরে পুলিশকে অভিযোগ জানায় ওই দম্পতি।
পরে অভিযুক্ত কৃষকের স্ত্রীর কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পর যে দম্পতির কাছে ওই শিশুকন্যাকে বিক্রি করা হয়েছিল তাদের সঙ্গে যোগাযোগ করেন নারী ও শিশুকল্যাণ দপ্তরের কর্মকর্তারা। তারপর শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেন। শিশুটির বাবা এখনো পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ।।টাইমসনাউ নিউজ।।
বার্তা বাজার / ডি.এস