ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নিখোঁজ সাত নেতাকর্মীর বাসায় গিয়ে তাদের পরিবারের সার্বিক খোঁজ-খবর নিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এসময় তাদের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি।
রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ইশরাক হোসেন তাদের খোঁজ-খবর নেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসাইন বলেন, ‘অবৈধভাবে ক্ষমতাসীন এ সরকারের প্রত্যক্ষ মদতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিনা অপরাধে তুলে নিয়ে মানবতাবিরোধী অপরাধ করে আসছে। গুম হওয়া সেসব নেতাকর্মীর পরিবার চরম দুর্দশায় দিনাতিপাত করছে, যা অত্যন্ত হৃদয়বিদারক’।
এসময় তিনি অসহায় পরিবারগুলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা এবং তাদের পাশে থাকার ঘোষণা দেন।
তিনি বলেন, অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত করে সকল গুমকৃত নেতাকর্মীকে খুঁজে বের করার উদ্যোগ নেয়া হবে। আর যারা অপরাধী তাদের বিচারেরে মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হবে।
সাক্ষাৎকালে ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর বিএনপির দফতর সম্পাদক মিন্টু, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।
পরে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের বাসায় গিয়ে তার পরিবারেরও খোঁজ-খবর নেন তারা।
বার্তা বাজার / ডি.এস