রেলওয়ে কর্মচারীরাই চুরি করল রেলের তেল-মবিল

লালমনিরহাট রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রেলের তেল চুরি প্রতিরোধ অভিযান চালিয়ে তিনটি ড্রাম ভর্তি ৬২৪ লিটার মবিল ও দুটি জ্যারিকেন ভর্তি ৩০ লিটার ডিজেল উদ্ধার করেছে। এসময় ২ জনকে আটক করলেও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে আটককৃত ২ জনকে ছিনিয়ে নেয় চোর সিন্ডিকেটের সংঘবদ্ধ সদস্যরা।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেল চুরি প্রতিরোধ অভিযান পরিচালনাকালে গতকাল শনিবার (২৯ আগস্ট) সকালে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের মহেন্দ্রনগর রেলষ্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের তিন কর্মচারী ও চোর চক্রের এক জনের যোগসাজসে চলন্ত ট্রেন ২০ ডাউন এর সংযুক্ত বগি ষ্টোরভ্যান থেকে মবিল ভর্তি তিনটি ড্রাম ও ডিজেল ভর্তি ২টি জ্যারিকেন নিচে ফেলে দিয়ে চলে যায়। পরে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট এর ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রাসুল সরকারের নেতৃত্বে একটি দল মহেন্দ্রনগর এলাকায় অভিযান চালিয়ে ওই ট্রেন থেকে ফেলে দেয়া ৩টি ড্রাম ভর্তি ৬২৪ লিটার মবিল ও ২টি জ্যারিকেন ভর্তি ৩০ লিটার ডিজেল উদ্ধার করে। যার আনুমানিক মুল্য- ১ লাখ ৮০ হাজার টাকা।

এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে নিরাপত্তা বাহিনী ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।

অভিযুক্ত চার জনের মধ্যে ৩ জনই রেলওয়ের কর্মচারী। তারা হলেন ষ্টোর ক্লার্ক আ. রাকিব, ষ্টোর খালাসী সাইদুল ইসলাম স্বপন, ষ্টোর খালাসী বকুল শেখ, অপরজন রাসুল শেখ চোর চক্রের সদস্য।

লালমনিরহাট নিরাপত্তা বাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রাসুল সরকার জানান, অভিযুক্তদের গ্রেফতার ও রেলওয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার জোর তৎপরতা অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর