জামালপুরের সরিষাবাড়ির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভারসাম্যহীন সেই লোকটি আর কেউ নন তিনি অভিনেতা শাহরিয়ার শুভ।
একসময় টিভির নিয়মিত মুখ ছিলেন অভিনেতা শাহরিয়ার শুভ। কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম ও বিজ্ঞাপনে। জীবনের করুণ পরিহাসে আজ এই অভিনেতা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন পথে পথে। তাকে নিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া ছবি ও পোস্ট দেখে বিষাদে আক্রান্ত হয়েছে শোবিজ, মন খারাপ শোবিজের মানুষদের৷
এদিকে দীর্ঘ চেষ্টার পর জানা গেল, অভিনেতা শাহরিয়ার শুভ এখন জামালপুর জেলার সরিষাবাড়ি ডাকবাংলোতে রয়েছেন। তিনি নিরাপদেই আছেন।
ছোটপর্দার শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম এ তথ্য জানিয়েছেন।
অনেকেই ধারণা করছিলেন, মাদকে আসক্ত শাহরিয়ার শুভ। তার সম্পর্কে খোঁজ নিতে গেলেও জানা যায়, গত কয়েক বছর ধরে মিডিয়া থেকে বাইরে ছিলেন শুভ। নানা হতাশায় মাদকাসক্ত হয়ে পড়েন তিনি।
কিন্তু শিল্পী সংঘের নাসিম বলেন, এ অভিনেতা শুটিং করতেই সম্প্রতি জামালপুর গিয়েছিলেন। শুটিংয়ের একফাঁকে একটি চায়ের দোকানে চা খেতে যান। এরপর থেকেই ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন তিনি। তার সঙ্গে থাকা মানিব্যাগ, মোবাইল চুরি হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘শুভর সঙ্গে কথা বলে গত ২ দিনের কষ্টটা লাঘব হয়েছে। ও নিরাপদে আছে, এটাই বড় খবর। আমরা এখন তাকে ঢাকায় ফেরানোর ব্যবস্থা নিচ্ছি। কারণ, ওর বিশ্রাম ও সুচিকিৎসা প্রয়োজন।’
প্রসঙ্গত, ১৯৯৮ সাল থেকে নিয়মিত টিভি নাটকে অভিনয় করছিলেন শাহরিয়ার শুভ। ছোটবেলা থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন শুভ। টিভিতে শাহরিয়ার শুভর বলা চলে রাজকীয় অভিষেক হয়েছিল। দেশের নন্দিত অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিমের পরিচালিত ‘রংছুট’ নামের নাটকে প্রথম অভিনয় করেন। এরমধ্যে শতাধিক টিভি নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। শিহাব শাহীনের ‘ভালোবাসার চতুষ্কোণ’, ডি এ তায়েবের ‘ডিবি’, নিমা রহমানের ‘গুলশান অ্যাভিনিউ’সহ শূন্য দশকের প্রায় সব নির্মাতার সঙ্গে কাজ করেছেন শুভ। তবে গেল তিন বছর তিনি নিজেকে গুটিয়ে নেন ব্যক্তিগত কারণে।
বার্তাবাজার/কে.জে.পি