পঞ্চগড়ের বোদা উপজেলায় সাপের কামড়ে শামিম হোসেন ওরফে কালঠু (৩৬) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ আগষ্ট) দুপুরে বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তার বাড়ি জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের পেত্মানীর হাট এলাকায়। সে ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলাল জানান, শামিম তার ৩ সহযোগীসহ বানিয়াপাড়া এলাকার সফিকুল ইসলামের বাড়িতে গোখরা সাপ ধরতে যায়। এক পর্যায়ে ওই সাপুড়ে ও তার সহযোগীরা গোখরা সাপটি ধরে ফেলে। পরে সাপটিকে বস্তায় ভরে বস্তার মুখ বাঁধার সময় সাপটি লাফিয়ে উঠে সাপুড়ে শামিমের বুকে ছোবল দেয়। এতে ঘটনাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে বাড়ির মালিক ও স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার কথা বললেও তাকে হাসপাতালে নেয়া হয়নি। ঝাড়ফুঁক করে তাকে ভালো করা হবে বলে তার সহযোগীরা জানান।
কামাত কাজলদিঘি ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার আলী জানান, ওই সাপুড়ের লাশ তার বাড়িতে নিয়ে আসা হয়েছে। বিকেলেই তার গ্রামের বাড়ির গোরস্থানে দাফন করা হয়।
বার্তা বাজার / ডি.এস