চট্টগ্রামে বায়েজিদ বোস্তামি থানাধীন মধ্যম শহীদ নগর এলাকায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) মধ্যম শহীদ নগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয় বলে জানান সিএমপির সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রান তালুকদার।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আশিকুর রহমান বলেন, এক নারী তার স্বামীসহ রওফাবাদ এলাকা থেকে ওয়াপদা গেইটে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে অক্সিজেন আলপনা ক্লাবের সামনে সন্ত্রাসী শফি নামে এক ব্যক্তি তার সহচরদের নিয়ে তাদের পথরোধ করে এবং জোরপূর্বক একটি সিএনজি অটোরিকশায় তুলে শহীদ নগর সালমা কলোনীতে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে শফি ও তার সহচররা গণধর্ষণ করে৷ যার খবর পেয়ে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত চারজনকে আটক করে। তবে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মো. শফি পলাতক রয়েছে বলে জানান পরিত্রান তালুকদার।
আটক চারজন হলো, বায়েজিদ থানাধীন এলাকার বাসিন্দা মো. বাদশা মিয়া (৩৬), মো. জাবেদ (২৮), মো. রবিন (১৯) ও মো. ইব্রাহিম (৩০)। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান আশিকুর রহমান।
বার্তাবাজার/অমি