রাজধানীর বকশিবাজার এলাকায় তাজিয়া মিছিল দেখে ফেরার পথে ছুরিকাঘাতে নাদিম (২০) নামের এক তরুণের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবকের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।
আজ (রোববার) দুপুর ১টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে। এরপরই নাদিমের সাথে থাকা তার বন্ধু সোহান তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুর দেড়টার দিকে দায়িত্বরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু সোহান জানান, তারা দুই বন্ধু বংশালের পিঠাঘর এলাকায় একটা মোটরসাইকেল মেকানিকের দোকানে কাজ করেন। আজ ঘুরতে বের হয়ে তারা হোসেনি দালানের তাজিয়া মিছিল পরিদর্শন শেষে রিকশাযোগে বের হন লালবাগ যাওয়ার জন্য। পথে বকশীবাজার মোড়ে বেশ কয়েকজন যুবক নয়নকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, যারা নয়নকে ছুরি মেরেছেন তাদের বেশ কয়েকজনের গায়ে মহরম উদযাপনের কালো ও লাল পোশাক ছিল। তবে, ওই যুবকরা কারা এবং কেন নয়নকে ছুরিকাঘাত করেছেন এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারেনি সোহান।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোহান পুলিশ হেফাজতে আছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানা পুলিশকে অবগত করা হয়েছে।
বার্তাবাজার/এসজে