গাজীপুরের কোনাবাড়ি একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার স্বামীকে। শনিবার (২৯ আগস্ট) বিকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাবেয়া খাতুন (২৫) সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মণ এলাকার বারেক মিয়ার স্ত্রী।
জানা যায়, শনিবার বিকেলে দেওয়ালিয়াবাড়ি এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হয়। স্থানীয়রা ট্যাংকির ঢাকনা খুলে বস্তা দেখে পুলিশে খবর দেয়। পরে বস্তায় ওই নারীর গলাকাটা লাশ দেখতে পায় পুলিশ। ধারণা করা হচ্ছে সপ্তাহ খানেক আগে তাকে হত্যা করা হয়েছে।
কোনাবাড়ি থানার ওসি মো. এমদাদ হোসেন জানান, নিহতের স্বজনরা রোববার ভোরে লাশ শনাক্ত করেছেন। এ সময় তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রায় এক মাস আগে স্বামী-স্ত্রী চাকরির সন্ধানে গাজীপুর আসেন। একাধিক কারখানায় কয়েক দিন করে চাকরি করেনও তারা। ভালো চাকরির খোঁজে এক সপ্তাহ আগে কোনাবাড়ি এলাকায় এক ভাড়াবাড়িতে স্ত্রীকে রেখে বাইরে যান তার স্বামী বারেক। বাইরে থেকে ফিরে তিনি স্ত্রীকে না পেয়ে পুলিশকে জানান।
বার্তাবাজার/এসজে