তরুণরা গড়ে তুলেছেন ‘প্রজ্ঞাতলা পাঠাগার’

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার পূর্বদিকে অবস্থিত একটি গ্রাম। নাম জাটিগ্রাম। গ্রামটির ভেতর দিয়ে এঁকেবেঁকে ঢুকেছে একটি সড়ক। সেই সড়কের ধারে চোখে পড়ে একটি সাইনবোর্ড। সাইনবোর্ডে বড় হরফে লেখা ‘প্রজ্ঞাতলা পাঠাগার’। নিচে একটি স্লোগান; ‘এসো করি মুক্তির বৃক্ষরোপণ’। তার পিছনে ছোট্ট একটি টিনশেড ঘর।

এ গ্রামটির স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অর্ধশত উদ্যমী তরুণ মিলে গড়ে তুলেছেন ‘প্রজ্ঞাতলা’ নামে একটি পাঠাগার। তারা পাঠাগারটির ভিত্তি স্থাপন করতে মাসব্যাপী শ্রম দিয়েছেন। নিজেরাই চাঁদা তুলে সংগ্রহ করেছেন অর্থ। গ্রামটির বাড়ি বাড়ি ঘুরে জোগাড় করেছেন বাঁশ। তারপর ওই তরুণরা নিজেরাই মাটি ও বাঁশ কেটে গড়ে তুলেছেন ‘প্রজ্ঞাতলা’ নামে পাঠাগারটির ভিত্তি। তাদের অক্লান্ত শ্রম ও ঘামে অবশেষে দাঁড় করিয়েছেন একটি টিনশেড ঘর। এ ঘরেই চলছে ‘প্রজ্ঞাতলা’ পাঠাগারের কার্যক্রম।

ছবি: বার্তা বাজার।

ঘরটি ছোট হলেও বেশ চমৎকার করে সাজানো। ঘরের মাঝখানে একটি বড় টেবিল পাতা রয়েছে। টেবিলের চারপাশ দিয়ে বেঞ্চ পাতা। টেবিলের ওপরে দিনের খবরের কাগজ। ঘরটির দেওয়ালের একপাশে আছে হাতে অঙ্কন করা একটি জাতীয় পতাকা, তার পাশেই আছে একটি কাগজের তৈরী বোর্ড। সেই বোর্ডে টুকরো টুকরো কাগজে লেখা আছে ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধার ইতিহাস। তার অপর পাশে রয়েছে একটি কাঠের তৈরী তাক। তাকে সাজানো আছে বিভিন্ন প্রকার বই। প্রতিদিন বিকেলে এই ঘরে বসে গ্রামের শিশু-কিশোর-বৃদ্ধ সবাই বই পড়তে বসেন।

প্রজ্ঞাতলা এই পাঠাগার নির্মাণের কাজের সাথে জড়িত ছিলেন গ্রামের আল-আমিন, জামিল মিয়া, লিমন মাহমুদ, নাছিম মাহমুদ, তামিম, আনিচুর, আরমান মিয়াসহ অনেকেই। তরুণদের এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। শুধু এ গ্রামে নয়-শিক্ষার আলো ছড়িয়ে দিতে উপজেলার প্রতিটি গ্রামে এমন পাঠাগার স্থাপনের দাবি জানিয়েছেন সচেতনরা।

জাটিগ্রামের কয়েকজন যুবক বলেন, ‘পাঠাগার বা গ্রন্থাগার হচ্ছে বইয়ের ভান্ডার। যেখানে প্রচুর বই সংরক্ষণে থাকে। বই পড়ার আগ্রহ থাকলেও আমাদের পক্ষে বই কিনে পড়া সম্ভব ছিল না। ইতিপূর্বে আমাদের এলাকায় কোনো পাঠাগার ছিল না। পাঠাগার হওয়ায় আমাদের অনেক সুবিধা হয়েছে। যেখানে অবসর সময়ে আমরা পাঠাগারে বসে বিভিন্ন বই পড়ে জ্ঞান অর্জন করতে পারব।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর