শ্রীমঙ্গল সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র স্বাক্ষর দেব শনিবার বিকেল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর অবশেষে লাখাইছড়া চা বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যান দেবের ছেলে।
পুলিশ জানায়, শনিবার বিকেল থেকে স্বাক্ষর নিখোঁজ ছিল। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরী করা হলে পুলিশ আজ রোববার (৩০ আগস্ট) সকাল ৬ টা ৪০ মিনিটে উপজেলার লাখাইছড়া চা বাগানের ২ নং সেকশন থেকে স্বাক্ষরের মৃত দেহ উদ্ধার করে। সে শ্রীমঙ্গল সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বয়স (১৭)।
ঘটনাস্থলে থাকা শ্রীমঙ্গল থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আল-আমিন জানান, নিহতের মৃতদেহের পাশে ঘুমের ঔষুধ ও ফান্টার বোতল পাওয়া গেছে। গায়ে আঘাতের কোন চিহ্ন ছিল না। এদিকে কলেজ শিক্ষার্থী স্বাক্ষরের লাশ উদ্ধার পর এ ঘটনায় জড়িতদেও গ্রেফতারের দাবীতে তার সহপাঠীসহ সর্বমহলে প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক(তদন্ত) সোহেল রানা বলেন, শনিবার বিকেল থেকে স্বাক্ষর নিখোঁজ ছিল। আমাদের কাছে রাত সাড়ে আটটায় এসে জানানো হয়। আমরা সাথে সাথে তার মোবাইল ট্রেক করলাম। ফোনটি বন্ধ ছিল। সন্ধ্যা ৭টা ১২ মিনিটের দিকে তার লোকেশন ছিল গ্র্যান্ড সুলতানের আশেপাশে। পরে বারবারই ফোন বন্ধ পাওয়া যায়। চতুর্দিকে তার আত্মীয়-স্বজনসহ আমরাও খোঁজছিলাম।
তিনি আরো বলেন, হঠাৎ করে রাত সোয়া ১১টার দিকে একটা লোকেশন পেলাম সিন্দুরখান রোডে শিববাড়ির সংলগ্ন কুমিল্লা পাড়ার দিকে। সাথে সাথে আমরা মুভ করলাম। সেখানেও গিয়েও কিছু পেলাম না। ফোন বন্ধ। রাত সাড়ে ৩টা পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি। পরে তো সকাল সাড়ে ৬টার দিকে খবর পেলাম যে, লাখাইছড়া চা বাগানের পদ্মফুলের ঝিলের পাশে তার মরদেহ পাওয়া গেছে।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, মরদেহের সাথে তার মোটরসাইকেলটা পড়ে ছিল। সেখানে ঘুমের ওষুধসহ কোকাকোলার ক্যান এবং আরো জিনিস পড়ে ছিল। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না।
সোহেল রানা আরও বলেন, চা বাগান কর্তৃপক্ষ আমাকে বলেছে গভীর রাতে লাখাইছড়া চা বাগানে ৪টা মোটরবাইক ঢুকেছিল এবং ভোর ৪টার দিকে ৩টা মোটরবাইক বের হয়ে গেছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, শনিবার থানায় নিখোঁজের একটি ডায়রি করা হয়েছিল তখন থেকে পুলিশ তাকে খোজাখোঁজি শুরু করে আজ রোববার সকালে উপজেলার লাখাইছড়া চা বাগানের ২ নং সেকশন থেকে পুলিশ স্বাক্ষরের মৃত দেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, রবিবার ভোর সাড় ৫ টার দিকে উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানের ২ নং সেকশনে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ওসি আব্দুছ ছালেক বলেন, স্বাক্ষর দেব এর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে
মৃতদেহের পাশে সেভেন আপ এর বোতলে চেতন নাশক দ্রব্য মিশ্রিত পানীয় পাওয়া গেছে। তাকে এই পানীয় খাওয়াইয়ে অচেতন করে পরে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো জানান তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/অমি