মিটফোর্ড হাসপাতাল থেকে পালানো সেই কয়েদি আটক

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পালানো সেই কয়েদি মিন্টু মিয়াকে (২৬) আটক করেছে কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ৩ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় মামলা করেছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে বাবুবাজার ব্রিজের নিচ থেকে হাতকড়া পরা অবস্থায় তাকে আটক করা হয়।

এর আগে শনিবার ভোর ৪টার দিকে তিনজন কারারক্ষীকে ফাঁকি দিয়ে মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়ে যান কয়েদি মিন্টু।

মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী জানান, ‘শুক্রবার সন্ধ্যায় মিন্টুকে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট ছিল। ভোরে বাথরুমে যাওয়ার কথা বলে সে পালিয়ে যায়। তার পাহারায় থাকা কারারক্ষীরা জানান, মিন্টুকে তারা খুঁজে পাচ্ছেন না’।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী জানান, ‘মিন্টু কীভাবে পালাল তা খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কারারক্ষীরাই তাকে ফের ধরেছে। পলায়নের ঘটনায় তিনজন কারারক্ষীকে দায়িত্বে অবহেলার কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে’।

জেলার মাহবুবুল ইসলাম জানান, ‘শনিবার দুপুর ২টায় কারারক্ষীরা মিন্টুকে হাতকড়া পরা অবস্থায় আটক করেন। সে বাবুবাজার এলাকায় হাতকড়া পরে ঘোরাঘুরি করছে এমন তথ্য পেয়ে তাকে ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়’।

তিনি আরও বলেন, ‘মাদক মামলার আসামি মিন্টু মিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে কারা তত্ত্বাবধানে শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পালিয়ে যাওয়ার পরপরই তাকে উদ্ধারে কারাগারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়’।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর