দক্ষিণ আফ্রিকায় গত চার দিন যাবত চার বাংলাদেশি প্রবাসী নিখোঁজ রয়েছেন। নিখোঁজ প্রবাসীদের মধ্যে তিনজন নোয়াখালীর ও একজন সিলেটের। সেখানে বসবাসরত বাংলাদেশিরা বিষয়টি নিশ্চিত করেছে। ওই দেশের সরকারের আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।
গত ২৬ আগস্ট ৪ বাংলাদেশি একটি প্রাইভেট কারে করে দক্ষিণ আফ্রিকার ফ্রী স্টেইট প্রদেশের উইনবার্গ ও সেনেরকাল থেকে একই প্রদেশের ভেলকম শহরে যাওয়ার পথে তারা নিখোঁজ হন বলে জানিয়েছে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশেরা।
নিখোঁজ প্রবাসীরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম, একই উপজেলার দূর্গাপুর গ্রামের মুহাম্মদ ফরহাদ, চাটখিল উপজেলার মহসিন। অপরদিকে, সিলেট জেলার রাসেল নামে এক প্রবাসী যুবকও এদের সঙ্গে নিখোঁজ রয়েছেন।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী শরীফ জানান, নিখোঁজ প্রবাসী যুবকদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দেওয়া হয়েছে। যাত্রা পথে গাড়িসহ তাদেরকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ নিখোঁজ হওয়ার সংবাদে তাদের পরিবারের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস