আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৬০

টানা বর্ষণে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে শনিবার(২৯ আগষ্ট) পর্যন্ত ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে বলে জানা যায়। হঠাৎ ধেয়ে আসা এই প্রলয়ে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকর শহরের বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর ইয়ানি সাফাকের।

বন্যার বিষয়ে পারওয়ানের মুখপাত্র ওয়াহিদা শাহকর গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বন্যায় মাটির তৈরি অনেক ঘর বিধ্বস্ত হয়ে গেছে। বাড়িগুলোর নিচে চাপা পড়ে আছে অনেক মানুষ। তাদের উদ্ধারের কাজ চলছে। ঘুমন্ত অবস্থায় বানের পানিতে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় হতাহতের সংখ্যা এত বেড়েছে।

এসময় তিনি আরও বলেন, বন্যার কারণে প্রায় দুই লাখ মানুষ ঘরবাড়ি হারিয়েছে। এদের সবাই মানবেতর জীবনযাপন করছেন। এখনও অনেকে নিখোঁজ আছেন। মাহমুদ সামাদি নামে পারওয়ানের এক বাসিন্দা জানান, এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মরদেহ এবং ১২০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর