করোনার শুরু থেকেই মানুষের পাশে ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। এবার তার প্রচেষ্টায় জেলায় মাত্র ৪৫ মিনিটেই করোনা টেস্টের যন্ত্র স্থাপন করা হয়েছে। যন্ত্রটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত।
ইতিমধ্যে নড়াইল সদর হাসপাতালে স্থাপন করা হয়েছে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত জিন এক্সপার্ট প্রযুক্তির এই যন্ত্রটি। যার মাধ্যমে মাত্র ৪৫ মিনিটে কোভিড-১৯ পরীক্ষা করা যাবে। আজ শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন ম্যাশ নিজেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর শাকুর। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) প্রমুখ।
কেএস/বার্তাবাজার