পোর্ট কানেক্টিং রোড উন্নয়নের কড়া নির্দেশ চসিক প্রশাসকের

চট্টগ্রামের পোর্ট কানেক্টিং রোড থেকে বন্দর পর্যন্ত সড়ক দ্রুত সময়ে জনসাধারণ ও যানবাহন চলাচলের উপযোগী করার কড়া নির্দেশ দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন।

শনিবার (২৯ আগস্ট) বন্দর নগরী চট্টগ্রামের অতি গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে পরিচিতি পোর্ট কানেকটিং রোড থেকে বন্দর পর্যন্ত সড়কগুলোর অবস্থা তদারকিকালে সড়ক উন্নয়নের কাজে সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশনা দেন।

তিনি বলেন, নগরীতে যেসব সরকারি ও স্বায়ত্ত্বশাসিত সেবা সংস্থা প্রকল্প বাস্তবায়ন করছে তাদের মধ্যে পারস্পরিক সমন্বয়ের অভাবে চট্টগ্রামের অধিকাংশ সড়কই বিধ্বস্ত রূপ ধারণ করেছে। দেখা গেছে ওয়াসা, কেজিডিসিএল, সিডিএ, বিটিসিএলসহ অন্যান্য সেবাসংস্থাগুলো তাদের প্রকল্প কখন শুরু করবে এবং কখন শেষ করবে সে ব্যাপারে তাদের কোনো সুনির্দিষ্ট কর্মপন্থা নেই।

এজন্য তিনি চসিকের প্রকৌশলী ও সংশ্লিষ্ট বিভাগের নিয়োজিত লোকবলকে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়কগুলো লোক ও যানবাহন চলাচলের উপযোগী করে তোলার নির্দেশনা দেন। একই সঙ্গে কাজের গুণগতমান রক্ষা ও স্থায়িত্ব নিশ্চিত করে প্রয়োজনীয় কারিগরি কৌশল প্রয়োগ করারও আহ্বান জানান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর