বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ছিল ত্যাগের: পলক

বঙ্গবন্ধু রাজনীতি করেছেন ত্যাগের, ভোগের নয়। তিনি রাজনীতিতে নীতি-আদর্শকে সর্বোচ্চ স্থান দিতেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেই,
কিন্তু তার আদর্শ রয়ে গেছে। সাহস ও প্রজ্ঞা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং বিশ্ব নেতায় রূপান্তর করেছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ(শনিবার) ঢাকার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতা বিরোধী চক্র মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল। তারা দীর্ঘ ২১ বছর বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করে উপস্থাপন করেছে। এছাড়াও আইন করে বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে খুনিদের দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসন করেছিলো।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্ববিত হয়ে আইসিটি বিভাগ করোনা সংক্রমনের শুরু থেকেই নাগরিকদের জন্য যেকোনো প্রয়োজনীয় পরামর্শ, করোনা সম্পর্কিত সকল সেবার হালনাগাদ তথ্যের জন্য করোনা পোর্টাল, করোনা ডট জিওভি ডট বিডি ও কন্টাক্ট ট্র্যাসিং অ্যাপ চালু করাসহ বহু কার্যক্রম বাস্তবায়ন করেছে।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করতে এবং দেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর