ইউরোপে আবারও বাড়ছে করোনা সংক্রমণ

ফ্রান্সে একদিনে ৭ হাজার ৩শ’র বেশি মানুষের শরীরে মহামারী করোনা শনাক্ত হয়েছে। যা মার্চের পর এক দিনে সর্বোচ্চ। ভাইরাসের কারণে দেশজুড়ে পুনরায় লকডাউন এড়াতে বিকল্প ভাবছে ম্যাক্রোঁ সরকার। যে অঞ্চলে সংক্রমণ বাড়ছে আপাতত সেখানে লকডাউন দেয়া হচ্ছে। তবে, ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে গেলে আবারও কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্স প্রেসিডেন্ট বলেন, সবকিছুর আগে আমাদের নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার জন্য যা করা দরকার প্রয়োজনীয় সবকিছুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রথম ধাপে যে ভুল হয়েছে তার যেন আবার না হয় তা মাথায় রাখতে হবে। মাস্ক পরা সত্যিই অস্বস্তিকর। তারপরেও ভাইরাসটি প্রতিরোধে এটা আমাদের মানতেই হবে।

ফ্রান্স যখন আবারও লকডাউনের চিন্তা করছে তখন আগামী সপ্তাহ থেকে কর্মস্থলে ফিরতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ। এ বিষয়ে ব্রিটিশ যোগাযোগমন্ত্রী গ্রান্ট শাপস জানান, ভাইরাসের কারণে বাড়িতে বসেই সবাই নিজেদের কাজ করছেন। তবে, সব কাজ তো অফিসে বসে করা সম্ভব না। এখন আবারও অফিসে কাজে ফেরার মতো অবস্থা তৈরি হয়েছে। আপনারা নিশ্চিন্তে অফিস করতে পারেন।

অন্যদিকে, একদিনে যুক্তরাষ্ট্রে আবারও ৫০ হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা যান এক হাজারের বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৫ হাজারের বেশি। অচিরেই এই সংখ্যা দুই লাখে পৌঁছাবে বলে জানায় দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর