ঠাকুরগাঁওয়ে গুম দিবস পালিত, গুম ২ যুবকের সন্ধান দাবি

জাতিসংঘ ঘোষিত গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে ও ঢাকায় গুম হওয়া দুই যুবকের সন্ধান দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের আয়োজনে শনিবার দুপুরে শহরের চৌরাস্তায় এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় ঢাকার সবুজবাগ এলাকা হতে গত আট মাস আগে গুম হয়ে যাওয়া ঠাকুরগাঁওয়ের ছালেউর ও দেলোয়ারের পিতা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উদ্বোধনী বক্তব্য দেন সাংবাদিক রেজওয়ানুল হক রিজু। হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক ঠাকুরগাঁওয়ের ফোকাল পারসন এবং দৈনিক নিউ এইজ’র ঠাকুরগাঁও প্রতিনিধি নূর আফতাব রুপমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির ঠাকুরগাঁও জেলা সদস্য সচীব মাহবুব আলম রুবেল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, গুম হওয়া ছালেউরের পিতা আজিজুর রহমান ও দেলোয়ারের পিতা রিয়জউদ্দিনসহ সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা।

মানববন্ধনে গুম হওয়া ছালেউর ও দেলোয়ারের পিতা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট তাদের সন্তানদের প্রকৃত তথ্য উদ্ধার এবং সন্ধানের আকুতি জানান।

উল্লেখ্য, ঢাকার সবুজবাগে দীর্ঘ আট মাস আগে জীবিকার সন্ধানে রিকশা চালাতে যাওয়া দুই যুবক ছালেউর ও দেলোয়ারের গুম হয়ে যাওয়ার বিষয়ে গত ১৮ আগস্টে ঠাকুরগাঁও প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে তাদের স্বজনরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর