সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ সদস্যের স্ত্রী সুরভী খাতুনের লাশ নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।
শুক্রবার বিকেলে উপজেলার চর কালিগঞ্জ গ্রামের পাশে ফুলজোড় শাখা নদী থেকে সুরভী খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। সুরভী কালিগঞ্জ গ্রামের পুলিশ সদস্য মনিরুল ইসলামের স্ত্রী এবং পার্শ্ববর্তী গ্রাম রামকান্তপুরের শরিফুল ইসলামের মেয়ে। পুলিশ সদস্য মনিরুল ইসলাম বর্তমানে রাজশাহীতে কর্মরত।
সুরভীর প্রতিবেশীরা জানান, পুলিশ সদস্য মনিরুলের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় সুরভী খাতুনের। চার কালিগঞ্জ গ্রামের সাহেব আলীর ছেলে মুনিরুল। দীর্ঘদিন ধরে মনিরুল ও সুরভীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাশ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সুরভীকে হত্যা করে নদীতে ফেলে দেয়া হয়েছে। তবে এ ব্যাপারে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত বলা যাচ্ছে না।
দীপক কুমার আরো জানান, মনিরুল ইসলামকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তা বাজার কে.কে