স্ত্রীকে বোন বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি

জামালপুরের বকশীগঞ্জে স্ত্রীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাইয়ে দিতে ‘বোন’ হিসাবে পরিচয় দিয়ে বাবার মুক্তিযোদ্ধা কোটার সুবিধা ভোগ করার অভিযোগ উঠেছে আশরাফুল আলম নামের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। একইভাবে নিজের খালা্তো বোনকেও আপন বোন হিসাবে পরিচয় দিয়ে জালিয়াতি করেছেন স্কুল শিক্ষক আশরাফুল আলম।

অভিযুক্ত আশরাফুল আলমের বাড়ি উপজেলার রবিয়ার চর গ্রামে। তিনি বর্তমানে মাদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত আছেন। অপরদিকে মুক্তিযোদ্ধা কোটা জালিয়াতি করে তার স্ত্রী নাসরিন আক্তার খেয়ার চর ও খালাতো বোন শাপলা আক্তার টুপকার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন।

উপজেলার নয়াপাড়া গ্রামের সরন মিয়া গত সোমবার (২৪ আগস্ট) বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, আশরাফুল আলম চাকরি দেওয়ার কথা বলে আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। এখন ঘটনাটি ফাঁস হওয়ায় তিনি এলাকা ছেড়েছেন।

শিক্ষা অফিসের নথিপত্র থেকে জানা যায়, আশরাফুল, নাসরিন ও শাপলা ২০১৬ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগ দেন। তিনজনই জন্মসনদসহ বিভিন্ন কাগজপত্রে বাবা হিসেবে মুক্তিযোদ্ধা সহিদুর রহমানের নাম উল্লেখ করেন।

জানতে চাইলে বকশীগঞ্জের ইউএনও আ স ম জামশেদ খোন্দকার বলেন, ‘অভিযোগটি পেয়েছি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে অভিযুক্ত আশরাফুলের সাথে কথা বলতে চাইলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। তবে তার খালাতো বোন শাপলাকে পাওয়া যায়।

শাপলা জানান, মুক্তিযোদ্ধা কোটায় তাঁর চাকরি হয়েছে কি না, তা তিনি জানেন না। আশরাফুলই তাঁর চাকরির ব্যবস্থা করেছেন। এ জন্য ১০ লাখ টাকা নিয়েছেন। আর নাসরিন আক্তারও তাঁর বোন নয়, স্ত্রী। তিনি বলেন, তাঁর বাবার নাম বেলাল মিয়া। মুক্তিযোদ্ধা সহিদুর রহমান আসলে তাঁর খালু।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ওই তিনজন মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়েছেন। ঘটনাটি এর আগেও একবার তদন্ত হয়েছিল। কিন্তু তার ফলাফল কী হয়েছে, তা তিনি জানেন না।
সূত্র-জাতীয় দৈনিক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর