নিজ বাড়ির সামনে এমপির ভাইকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় রামদা দিয়ে কুপিয়ে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি অ্যাডভোকেট আ. কা. ম সারওয়ার জাহান বাদশার ভাই হাসিনুর রহমানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় জব্বার নামে আরেকজন আহত হন।

আজ শনিবার(২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফিলিপনগর গ্রামের নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়।

নিহত হাসিনুর রহমান সম্পর্কে এমপি অ্যাডভোকেট আ. কা. ম সারওয়ার জাহান বাদশার ফুপাতো ভাই।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হাসিনুর রহমান রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এমপির অবর্তমানে তার ব্যক্তিগত ও দলীয় কাজকর্ম হাসিনুর দেখভাল করতেন। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জব্বার নামে একজনের মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি থেকে তিনি স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাড়ির পাশেই একটি দোকানের কাছে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্ত তার ওপর আচমকা হামলা চালায়। হামলাকারী রমদা দিয়ে হাসিনুরের শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকলে একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের চালক জব্বার আলী আহত হন।

স্থানীয় স্কুলের শিক্ষক মাহবুবুর রহমান জানান, নিহত হাসিনুর রহমান সাদাসিদা জীবনযাপন করতেন। তিনি মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করতেন। মানুষের প্রয়োজনে পাশে থাকতেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর