নারায়ণগঞ্জের ফতুল্লায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কিশোর গ্যাংয়ের হাতে আটক সাগর (১৫) নামের এক কিশোরকে উদ্ধার করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশ। উদ্ধারের সময় ধারালো অস্ত্রসহ আটক করা হয় ৬ কিশোর গ্যাং সদস্যকে।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফতুল্লা শিয়ারর চর তক্কার মাঠ এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
পুলিশের হাতে আটক কিশোররা হলে- শিয়াচর তক্কার মাঠ এলাকার দেলোয়ার হাওলাদারের পুত্র তরিকুল ইসলাম (১৭), জাকির হোসেনের পুত্র হাসান (১৬), শাহ আলমের পুত্র হাবিব (১৭), সাব্বির মিয়ার পুত্র অয়ন (১৬), হাসান মিয়ার ভাড়াটিয়া রাসেল (১৬) ও জামাল মিয়ার পুত্র ইমরান হোসেন (১৮)।
জানা যায়, গত ২৬ আগস্ট রাতে গাইবান্ধা থেকে ফতুল্লার দেওভোগের বাসায় ফেরার পথে নিখোঁজ হয় সাগর। পরেরদিন সকালে সাগরের মা পোসাগী খানমকে ফোন দিয়ে গ্রেফতারকৃতরা ছেলের মুক্তিপণ হিসাবে ২০ হাজার টাকা দাবী করে। শেষমেষ চুক্তি হয় ৫ হাজার টাকায়।
পরে পোসাগী খানম গ্রেফতারকৃত কিশোরদের কাছে আগে ছেলেকে দেখবে পরে টাকা দিবে বলে দাবি জানায়। এজন্য গ্রেফতারকৃত কিশোররাও পোসাগী খানমকে ঘটনাস্থলে এসে ফোন দেওয়ার কথা বলে। পোসাগী খানম তখন পুলিশের দারস্থ হয়ে ঘটনার ইতিবৃন্ত খুলে বলে। পুলিশ পোসাগী খানমকে সাথে নিয়ে ঘটনাস্থলে এসে সাগরকে উদ্ধার করে কিশোরদের গ্রেফতার করে।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন।
বার্তাবাজার/এসজে