ভারতের সঙ্গে যৌথভাবে স্বাধীনতার ৫০ বছর উদযাপন হবে: রেলমন্ত্রী

আগামী বছর ভারতের সঙ্গে যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন করা হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষ্যে আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদ্বয় যৌথভাবে চিলাহাটী-হলদিবাড়ী রুটে রেল চলাচল উদ্বোধন করবেন।

নীলফামারীর ডাঙ্গাপাড়া সীমান্তের ৭৮২ নম্বর পিলারের কাছে রেলপথ পরিদর্শন শেষে শুক্রবার সন্ধ্যায় (২৮ আগস্ট) চিলাহাটি রেলস্টেশন প্লাটফরমে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন রেলপথ মন্ত্রী। এসময় তিনি একথা জানান।

নুরুল ইসলাম সুজন বলেন, কোভিডের কারণে এই প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ অংশে দেড় কিলোমিটার এবং ভারত অংশের দুইশ মিটার কাজ অসম্পূর্ণ রয়েছে। চলতি সপ্তাহে বাংলাদেশ অংশের কাজ শেষ হবে।

তিনি আরও বলেন, এই রেলপথ চালু হলে নেপাল, ভুটান ও ভারতের উত্তরাংশের মধ্যে চলাচল করবে যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেন। এতে দুই দেশের মানুষের যাতায়াত ও মালামাল পরিবহন সহজ হবে। এ অঞ্চলে শিল্পায়ন, ও উন্নয়ন ত্বরান্বিত হবে।

রেলপথ সচিব মো. সেলিম রেজা, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান, বিজিবি ৫৬ এর অধিনায়ক মামুনুল হক, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমানসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর