মেসি বার্সা ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে দুই পক্ষ যদি কোনো সমাধানে আসতে না পারে, তাহলে বিষয়টি গড়াবে আদালত পর্যন্ত। আর আইনি লড়াইয়ে বার্সেলোনা মেসির চেয়ে এগিয়ে থাকবে বলে মনে করেন স্প্যানিশ ক্রীড়া আইনজীবী সান্তিয়াগো নেবত।
রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে স্প্যানিশ সকার প্লেয়ার্স ইউনিয়নের সাবেক পরামর্শক নেবত বলেছেন, “আমার মনে হয়, বার্সেলোনা এক্ষেত্রে এগিয়ে থাকবে, তবে মেসিও বার্সেলোনার দুর্বলতাগুলো ধরিয়ে দিয়েছেন। সে যদি বার্সেলোনার কাছে ফ্রি ট্রান্সফার চায় আর ক্লাব যদি সেটা না দেয়, তাহলে মেসি কিছুই করতে পারবে না।”
“তবে মেসি এক্ষেত্রে ক্লজটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মেসি বলছে, আমি ক্লাব ছেড়ে যাব, যদি আমার সাথে আলোচনা না কর। আমি এই ক্লজটি ব্যবহার করব,কেননা করোনার কারণে সেটির সময়কাল বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে, তাই এটি এখনো কার্যকর আছে। করোনার কারণে এখন ক্লজের মেয়াদ শেষের বিষয়টি ছাড়াও দুই পক্ষের ভাব পর্যালোচনা করাটাও জরুরী। ক্লজের মেয়াদ শেষের দিন হিসেবে কেন ১০ জুনকে নির্ধারণ করা হয়েছিল? স্বাভাবিক সময়ে মৌসুম শেষের ১০ দিন পর হিসেবে নাকি দলবদল শুরুর ২০ দিন আগে হিসেবে (সাধারণ সময়ে ১ জুলাই দলবদল শুরু হয়), সেটাও নিশ্চিত হওয়া দরকার।”
কেএস/বার্তাবাজার