আবাসিক এলাকায় গড়ে উঠা অটো রাইস মিলের ছাইয়ে ক্রমশ ভরাট হচ্ছে সুতিয়া নদী আর বাতাসের সঙ্গে মিলের কুঁড়া ও ছাই মিশে দূষিত হচ্ছে পরিবেশ।
ময়মনসিংহের ত্রিশালের পৌরশহরের দরিরামপুর ভাটিপাড়া আবাসিক এলাকা থেকে ওই রাইস মিলটি স্থানান্তরে কোন সমাধান না হওয়ায় নদী ও পরিবেশ রক্ষার দাবিতে শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় ত্রিশাল-বালিপাড়া-নান্দাইল সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ঘন্টাব্যাপি অবরোধে ব্যাপক যানজটের পর ইউএনও’র হস্তক্ষেপে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
বছর পাঁচেক আগে ত্রিশাল পৌরশহরের দরিরামপুর ভাটিপাড়া আবাসিক এলাকায় পার্শ্ববর্তী বীররামপুর গ্রামের খাইরুল বাসার গড়ে তোলেন বাসার নামে একটি অটো রাইস মিল। ওই গ্রামটির পাশ দিয়ে বয়ে যাওয়া সুতিয়া নদীতে বড় বড় পাইপ লাইনে মিলের ছাই ও নিগৃত বর্জ্যে দিন দিন নদী ভরাট হয়ে যাচ্ছে।
দূষিত হচ্ছে নদীর পানি। এছাড়া মিলের কুঁড়া ও ছাই বাতাসের সঙ্গে মিশে পরিবেশ দূষণ হওয়ার ফলে বিষয়টি নিয়ে এলাকাবাসি অভিযোগ তোলেন। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের মদদে পরিবেশ বান্ধব মিল গড়ে আলোচনা ফলপ্রসূ হয়নি কখনো।
আবাসিক এলাকা থেকে রাইস মিলটি স্থানান্তরে কোন স্থায়ী সমাধান না হওয়ায় নদী ও পরিবেশ রক্ষার দাবিতে শুক্রবার সকালে ত্রিশাল-বালিপাড়া-নান্দাইল সড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসি। ঘন্টাব্যাপি অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন অনেক যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ত্রিশাল থানা পুলিশ। পরে মুঠোফোনে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সমাধানের আশস্ত করায় অবরোধ তুলে নেন তারা।
স্থানীয়রা জানান, বাসার রাইস মিল স্থাপনের আগে আমরা এই নদীর পানিতে গোসল করেছি, মাছ ধরেছি। কোমড় সমান ছাইয়ের কারনে এখন নদীতে নামতে পারিনা। শুধু এখানে নয়, এই নদী ধরে কয়েক কিলোমিটার দুরে গিয়ে পানিতে নেমলে শুধু ছাই আর ছাই পাওয়া যাবে।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
কেএস/বার্তাবাজার